সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে বিচারকদের কিছু নির্দেশনা মেনে চলার কথা বলেছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে দেশের সর্বোচ্চ আদালত বলেছেন, কোনো অবস্থাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির শৃঙ্খলা পরিপন্থী অপ্রয়োজনীয় কোনো পোস্ট করা যাবে না এবং কোনো পোস্টের ক্ষেত্রে মন্তব্য করার বিষয়েও সাবধান থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শৃঙ্খলা অমান্য করলে তা ‘অসদাচরণ’ হিসেবে ধরে নেয়া হবে বলে সতর্ক করেছেন সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে কতিপয় বিচার বিভাগীয় কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে এ কোর্ট প্রদত্ত নির্দেশনাগুলো প্রতিপালন করছেন না, বিষয়টি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। কোনো কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য করছেন, যা চাকরি শৃঙ্খলা ও বিধিমালার পরিপন্থী এবং অসদাচরণের শামিল।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্ণিত প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান বিচারপতি বিচার বিভাগীয় কর্মকর্তারা কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে এ কোর্ট প্রদত্ত নির্দেশনাগুলো আবশ্যিকভাবে প্রতিপালনকরত কোনো অবস্থাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরি শৃঙ্খলা পরিপন্থী অপ্রয়োজনীয় কোনো স্ট্যাটাস, মন্তব্য/শেয়ার না করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন।’