ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে
এক পথচারীকে চাপা দিয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও পথচারী দুইজনই নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১১ মে) গভীর রাতে উপজেলা সদরের দশদোনা নামক স্থানে এ দুর্ঘটনা
ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দশদোনা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান
থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রনি দাসকে (২৪) চাপা
দেন চালক নূরে আলম (৩২)। এতে ঘটনাস্থলেই মারা যান আরোহী নূরে আলম। গুরুতর আহত
অবস্থায় রনিকে উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে মারা যান রনিও।
প্রসঙ্গত, নূরে আলম উপজেলার আইয়ূবপুর গ্রামের বাসিন্দা এবং
রনি দাসের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দামদরোদী গ্রামে।










