নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিনদিন পর আরাফাত নামে নয় বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের লাওসার এলাকায় শিশুটির বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আরাফাত ওই এলাকার সাবেক ইউপি ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ওরফে মনা মেম্বারের ছেলে।
স্বজনরা জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আরাফাত। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পাওয়ায় পরদিন পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এদিকে গতকাল সকালে নিজেদের বাড়ির পাশে একটি বড় পুকুরে আরাফাতের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম এবং স্থানীয় মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার তোফাজ্জলের ছেলে রাব্বিকে (২৩) আটক করেছে।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া জানান, ছেলেটি পুকুরে ডুবে মারা গেছে নাকি কেউ হত্যা করেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টির তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।










