নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পাহানি বাজার এলাকায় সামিয়া এন্টারপ্রাইজ নামের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে সুতা তৈরির দুটি মেশিনসহ সব মাল পুড়ে গেছে। গতকাল ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দর ও সোনারগাঁয়ের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত তুলার গুদামের মালিক পক্ষ জানায়, গতকাল ভোর রাতে আকস্মিকভাবে তুলার গুদামে আগুনের সূত্রপাত। মূহূর্তে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পরে সোনারগাঁও ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সামিয়া এন্টারপ্রাইজের মালিক সফর আলী দাবি করেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তুলা কারখানার দুটি মেশিনসহ মালপত্র পুড়ে যাওয়ায় তাদের ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বন্দর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ও সোনাগাঁয়ের চারটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।