গত ৫ সেপ্টেম্বর দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম ‘প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় ৪ টাকা, বিক্রি ২৫-৩৫ টাকায়’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
অ্যামটবের প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, বণিক বার্তার প্রতিবেদনে যে পদ্ধতি ব্যবহার করে মোবাইল অপারেটরদের ডাটা সরবরাহ ব্যয় উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ ভুল। সরলীকৃত ঐকিক নিয়ম ব্যবহার করে ইন্টারনেটের মূল্য নির্ধারণের যে ফর্মুলার ব্যবহার আমরা প্রতিবেদনে দেখেছি, তা এ খাত সম্পর্কে প্রতিবেদকের অজ্ঞতার বহিঃপ্রকাশ। এ ধরনের প্রতিবেদন তৈরিতে বেসিক কস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদন তৈরিতে সংশ্লিষ্ট প্রতিবেদক যথাযথ পেশাদারত্বের পরিচয় দেননি। প্রতিবেদক ফোন করে অতি স্বল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরদের মন্তব্য প্রদানের জন্য চাপ প্রয়োগ করেন, কিন্তু মূল্যসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জেনে প্রতিবেদন লেখার অনুরোধ তিনি রাখেননি। এ ধরনের আচরণ গ্রাহক ও পাঠকদের জন্য বিভ্রান্তিমূলক।
প্রতিবেদকের বক্তব্য
বণিক বার্তায় প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে মোবাইল টেলিকম অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক সংশ্লিষ্ট। অ্যামটবের সঙ্গে প্রতিবেদনের সরাসরি কোনো সংযোগ নেই। এমনকি প্রতিবেদনের কোথাও অ্যামটবের কথা উল্লেখও করা হয়নি।
প্রতিবেদনে ব্যবহৃত পদ্ধতি ভুল বলা হলেও সঠিক পদ্ধতি কী সে বিষয়ে প্রতিবাদলিপিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। জিবিপ্রতি কত টাকা খরচ হয় তা সম্পর্কেও স্পষ্ট কিছু উল্লেখ করেনি অ্যামটব। প্রতিবেদন তৈরিতে মোবাইল অপারেটরদের আর্থিক প্রতিবেদনে উল্লিখিত তথ্যই উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন তৈরির আগে দুজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সঙ্গেও এ বিষয়ে পরামর্শ করা হয়েছে।
সাংবাদিকতার রীতি মেনেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। মন্তব্যের জন্য অপারেটরদের সঙ্গে যোগাযোগের পর তারা মন্তব্য প্রদান করবে না বলে জানায় এবং অ্যামটবের সঙ্গে যোগাযোগ করতে বলে। যদিও সংগঠনটির সঙ্গে যোগাযোগের পরও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।










