সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের স্বর্ণের চালান ধরা পড়েছে। গতকাল সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের পাত উদ্ধার করা হয়। ওই পাতগুলো লাগেজে বিশেষ পন্থায় আটকে দেয়া ছিল। আটক যাত্রীর নাম ময়নুল ইসলাম শাকিল। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাটের ফজলুর রহমানের ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় কোটি টাকা।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল-আমিন জানান, বিমানের ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী ময়নুল ইসলাম শাকিল ওসমানী বিমানবন্দরের গ্রিন চ্যানেল পাড়ি দেয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে স্বর্ণ আছে কি না জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে তার ব্যাগ তল্লাশি করে বিশেষ পন্থায় আনা ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের পাত উদ্ধার করা হয়েছে। ওই পাতগুলো লাগেজে বিশেষ পন্থায় আটকে দেয়া ছিল। এর রঙও ছিল লাগেজের ব্যবহূত পাতের মতো। মো. আল আমিন জানান, আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৭ মে মো. আলী আহমদ নামের দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে একইভাবে নেবুলাইজার মেশিনের ভেতরে অভিনবপন্থায় নিয়ে আসা ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়েছিল।










