সিলেট সিটি করপোরেশন এলাকায় গরু ও খাসির মাংসের দাম বাড়ানোর দাবিতে ডাকা ধর্মঘট চার দিন পর প্রত্যাহার ঘোষণা দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে আজ সোমবার থেকে আন্দোলন প্রত্যাহার করে মাংস বিক্রি শুরু করেছেন তারা। এর আগে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী দাম না বাড়ানোর প্রতিবাদে সিলেটে গত ৭ এপ্রিল থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ রেখেছিলেন নগরের মাংস ব্যবসায়ীরা। দাবি অনুযায়ী নির্ধারণ না করা হলে মাংস বিক্রি করবেন না বলে জানিয়েছিলেন তারা।

আজ সকালে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লালবাজারসহ নগরীর বিভিন্ন মাংসের দোকান খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। 

সিলেট মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক জানান, বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসায়ীরা মাংস বিক্রি বন্ধ রেখেছিলেন। তাদের দাবি ছিলো মহানগর এলাকায় সিলেট সিটি কর্পোরেশন গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। এর চেয়ে বেশি দাম রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়। এই দামে মাংস বিক্রি করে তাদের পুঁজি তোলা সম্ভব হয় না। 

আব্দুল খালিক আরো বলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী রোববার রাতে মাংস ব্যবসায়ীদের কথা শুনেছেন। তিনি দাম পুনর্নির্ধারণ করে দেয়ার আশ্বাস দিলে আমরা পুনরায় মাংস বিক্রি শুরু করেছি। সোমবার থেকে যথারীতি মাংসের দোকান খোলা থাকবে।