অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে একযোগে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকি প্রার্থীরা।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে আজ বুধবার ভোট অনুষ্ঠিত হচ্ছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় সাঘাটা উপজেলার বগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবাদ সম্মেলনে একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন চার প্রার্থী।
এর আগে অনিয়মের অভিযোগে এ আসনে ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এ নির্বাচনী এলাকায় ভোটার আছেন মোট তিন লাখ ৩৯ হাজার ৯৮ জন।
উপনির্বাচনের পাঁচ প্রার্থী হলেন- নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মাহমুদ হাসান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির (জাপা) এএইচএম গোলাম শহীদ, কুলা প্রতীক নিয়ে বিকল্প ধারার জাহাঙ্গীর আলম কুলা এবং আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান ও ট্রাক প্রতীক নিয়ে সৈয়দ মাহবুবুর রহমান।
এ আসনে ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথ রয়েছে। এখানে এবারই প্রথম ইলেকট্রোনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।









