ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের প্রবাসী খাইরুল ইসলাম খোকন হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে সদর উপজেলার বাসুদেব বাসস্ট্যান্ড মোড়ে আখাউড়া-আগরতলা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাসুদেব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ মোল্লা, আখাউড়া যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর বাদল, মামলার বাদী নিহতের ভাই আকরাম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ধান খেতে হাল চাষের ৫০০ টাকা পাওনা নিয়ে কোড্ডা গ্রামের মলাই মিয়া ও শাহ আলমের মধ্যে বিরোধ চলছিল। গত ৪ জুন রাতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য উভয় পক্ষ শালিসে বসে। শালিস চলাকালে মলাই মিয়ার পক্ষের লোকজনের বল্লমের আঘাতে শাহ আলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নিহত হন।