পঞ্চাশের কম বয়সীদের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী জামায়াত-শিবিরের দল ত্যাগ করে অন্য দলের ধারায় রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

তিনি বলেন, ৭১ সালে যাদের জন্মই হয়নি, বয়স ৫০-এর নিচে, তারা কেন জামায়াত-শিবির করছে, যুদ্ধাপরাধীদের দায়ভার তাদের ঘাড়ে নেয়ার প্রয়োজন নেই।

গতকাল দুপুরে লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে একে একে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছিল। এ দেশের স্বাধীনতার মূল স্লোগান ‘জয় বাংলা’ ও স্বাধীনতার ডাকে বঙ্গবন্ধুর দেয়া ‘৭ই মার্চের ভাষণ’ নিষিদ্ধ করেছিল। কুখ্যাত রাজাকারদের দিয়ে মন্ত্রিপরিষদ গঠন করেছিলেন জিয়াউর রহমান।

সম্মেলনে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর সবুর, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাকক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ।