ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। চলতি বছর একদিনে সর্বাধিক মৃত্যু এটি। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৮১৯ জন। বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় ৯৩৮ জন। ৭২৬ জন অন্যান্য বিভাগে।










