ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী
ট্রেনের বগি উদ্ধার ও লাইন মেরামত শেষে ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে
ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচলে উপযোগী করা হয়েছে। আজ শুক্রবার (২৮ এপ্রিল) রাত ৮টার
কিছু আগে বিষয়টি নিশ্চত করেছেন আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী
আহসান আহম্মেদ তারেক।
এ কর্মকর্তা জানান, লাইনচ্যুত বগির উদ্ধারকাজ
শেষ করার পর রেললাইন মেরামত, স্লিপার বসানো ও টেকনিক্যাল কাজ শেষে ঢাকামুখী আপলাইনে
রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে উদ্ধারকাজ চলাকালীন আপলাইনে ট্রেন চলাচল না
করলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি
গঠন করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক বিষয়টি
নিশ্চিত করেছেন। কমিটিতে প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা
মো. খাইরুল কবিরকে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে
বলা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার শহরতলীর দাড়িয়াপুর রেলগেট সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল ৩০ ঘণ্টা।










