ঝিনাইদহে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পোশাকের দোকানে উপচে পড়া ভিড়। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে আজ বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হলেও বিভিন্ন পোশাকের দোকানে মানুষের ভিড় করতে দেখা যাচ্ছে।

শহরের মসজিদন মার্কেট, আরাপপুর, হামদহ, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পোশাকের দোকানে উপচে পড়া ভিড়। বৃষ্টির কারণে রাস্তায় দাঁড়াতে না পেরে দোকান ও মার্কেটের ভেতরে গাদাগাদি করে বেচাকেনা করছেন তারা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেক দোকানে মাস্ক ও হ্যান্ডগ্লভস না পরেই পোশাক বিক্রি করছেন দোকানিরা।

শহরের পোড়াহাটি থেকে আসা আম্বিয়া খাতুন নামে এক ক্রেতা বলেন, ঈদের তো আর কয়েকদিন বাকি। ছেলের পোশাক কেনার জন্য এসেছি। বৃষ্টি হচ্ছে, কিছু তো করার নেই!

হামদহ থেকে আসা একজন বলেন, আজ বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম ভিড় কম হবে। এখানে এসে তো দেখছি অন্য দিনের তুলনায় ভিড় আরো বেশি।