নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীর টাকা ও মালামাল লুট করা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় এ ঘটনা ঘটে। আজ বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় ভয় দেখিয়ে নগদ ৫ হাজার ডলার, মোবাইল ফোন ও মূলবান জিনিসপত্রসহ ১০ লাখ টাকার মালামাল দুর্বৃত্তরা নিয়ে গেছে।

ভূক্তভোগী আরিফ হোসাইন জানান, কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটযোগে শুক্রবার রাত পৌনে ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতেই মাইক্রোযোগে এয়ারপোর্ট থেকে সিদ্ধিরগঞ্জের মিজমিজির বাসায় ফিরছিলেন।

গাড়িটি রাত ৩টা নাগাদ আটি ওয়াপদা কলোনী এলাকা পৌঁছলে হঠাৎ একটি মাইক্রো গতিরোধ করে। পরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে টাকা ও মালামাল লুট করা হয়।

ডিবি পুলিশের জ্যাকেট পরা অজ্ঞাত ওই ব্যক্তিরা আরিফ হোসাইন ও সঙ্গে থাকা বাড়ির কেয়ারটেকার মো. মিজানুর রহমানকে মারধর করে।

প্রবাসী আরিফ হোসাইন একটি জাতীয় দৈনিক পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তফা  জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লুন্ঠিত  মালামাল উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।