ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য ৫০০ কেজি হিমসাগর আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় পাঁচটি পিকআপ ও কাভার্ডভ্যানে আমগুলো পাঠানো হয়।
সীমান্তের শূন্যরেখায় আম গ্রহণ করেন ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে এ উপহার পৌঁছে দেবেন।আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমস ক্লিয়ারিংসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।
আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, প্রতিবছরই প্রধানমন্ত্রী এমন উপহার পাঠিয়ে থাকেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই নিদর্শন এটি। এ উপহারের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে।
এ সময় আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো. আল-আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া ও এএসআই দেওয়ান মুর্শেদুল হক উপস্থিত ছিলেন।










