আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে এনসিপি কতটি আসনে নির্বাচন করবে, তা কাল-পরশুর (আজ-কাল) মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জোটের অন্য শরিকের মধ্যে আসন বণ্টন এখনো চূড়ান্ত না হলেও অন্তত এনসিপির অংশটি নিয়ে শিগগিরই স্পষ্ট ধারণা দেয়া হবে বলে জানান তিনি।

গতকাল রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আশা করছি, কাল-পরশুর মধ্যেই এনসিপি এ জোটে কত আসনে নির্বাচন করবে, সে বিষয়ে পরিষ্কার ঘোষণা দিতে পারব। আসন সমঝোতার আলোচনা চলমান থাকলেও জোট নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।’

তার মতে, এখনো কোনো রাজনৈতিক দল বা জোট পুরোপুরি প্রতিযোগিতামূলক প্রচারণায় নামতে পারেনি। বিএনপিও বিদ্রোহী প্রার্থী-সংক্রান্ত অভ্যন্তরীণ সমস্যার কারণে পূর্ণমাত্রায় নির্বাচনী কার্যক্রমে নামতে পারেনি। তিনি বলেন, ‘জোট এরই মধ্যে গণসংযোগ শুরু করেছে এবং পাড়া-মহল্লা, জনসমাগমস্থল ও মসজিদে মানুষের সঙ্গে কথা বলে সমর্থন আদায়ে কাজ করছে। একই সঙ্গে নির্বাচনের জন্য অভ্যন্তরীণ প্রস্তুতিও প্রায় সম্পন্ন।’