র‍্যবের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে সব অভিযোগের জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন  র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি বলেন, নিষেধাজ্ঞায় র‍্যাবের যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তার দায়িত্ব সরকারের। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। সোমবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন এসব কথা বলেন।

র‍্যাব-৯ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন র‍্যাবের ডিজি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা থাকা ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমাও দেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, বান্দরবানের গহীন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান এখনও চলমান রয়েছে। গহীন অরণ্যে শুধু নয়, জঙ্গি ও সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, সেখানেই অভিযান চালানো হবে। জঙ্গি ও সন্ত্রাসীদের কাছে র‍্যাব হবে আতঙ্কের নাম।
এসময় মহাপরিচালক বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে র‍্যাব-৯। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে র‍্যাব-৯ এর যেসব সদস্য দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মহাপরিচালক।