সাতক্ষীরায় ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আজ রবিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত. মাদার মন্ডলের ছেলে রামপদ মন্ডল ও একই এলাকার মৃত বনমালী মন্ডলের অতীঙ্কর মন্ডল।
স্থানীয়রা জানান, খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস শাকদাহ এলাকায় পৌঁছালে আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মাছের ঘেড়ে পড়ে যায়। অন্য বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, এ ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে যোগাযোগ পাটকলেঘাটা থানার অফিসর ইনর্চাজ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।










