লক্ষ্মীপুর-রামগঞ্জ ১৯ কিলোমিটার মহাসড়কে ব্যবহৃত হচ্ছে রেডিয়েন্ট লাইট। এভাবে নির্মিত হলে দুর্ঘটনা অনেক কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  লক্ষ্মীপুর বাগবাড়ি থেকে রামগঞ্জ জোড়া কবরস্থান পযর্ন্ত মহাসড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। 

সড়টি নির্মাণের কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান ওকে এন্টারপ্রাইজের প্রকল্প পরিচালক মো. কাউছার জানান, সড়কটিতে থাকছে আধুনিক রেডিয়েন্ট লাইট। এতে সড়কটি দৃষ্টিনন্দন হবে, পাশাপাশি রাতের বেলায় চালকদের পথ নির্দেশনা করবে। আগামী মার্চের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। এরই মধ্যে ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। 

এই মহাসড়কে নিয়মিত ট্রাকচালক রহিম, শামছুল হুদা ও সিএনজি চালক ফরহাদ বলেন, এ সড়কটি খুবই ঝুকিপূর্ণ। সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় আমরা খুশি। এতে মালামাল নিয়ে যাতায়াতে সুবিধা হবে। তাছাড়া রেডিয়েন্ট লাইট ব্যবহার করার কারণে রাতের বেলা চলাচলে সুবিধা হবে। এতে দুর্ঘটনা কমে যাবে। 

এ ব্যাপারে লক্ষ্মীপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দেবনাথ বলেন, আধুনিকমানের হাইওয়ে নির্মাণ করা হচ্ছে। অধিক গুরুত্ব দিয়ে কাজটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।