সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেনের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০টায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও ধলবাড়িয়া ইউনিয়নবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের কাছে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, নুরুল ইসলাম, এন্তাজ আলী, বিষ্ণুপদ, শিক্ষক ইয়াছিন আলী, ওকালত হোসেন, বদিউজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শওকত হোসেন সম্প্রতি প্রধানমন্ত্রী নির্দেশনায় দরিদ্র অসহায় মানুষের তালিকা করতে গেলে প্রকাশ পায়, চেয়ারম্যান ও তার লোকজন মৃত ব্যক্তিদের ভাতা আত্মস্যাৎ করেছেন। নিজের মায়ের নাম জাল করে বয়স্ক ভাতার টাকা দীর্ঘদিন ধরে আত্মস্যাৎ করে আসছেন।










