সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ কর্মী আব্দুল জলিল হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস ও তার চার ভাতিজাসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এ মামলায় চারজনকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে নিহত আব্দুল জলিলের চাচা শ্বশুর ও এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস, ভাতিজা লাবু বিশ্বাস, নান্নু বিশ্বাস, বাবলু বিশ্বাস ও ঠান্ডু বিশ্বাস রয়েছেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বেলকুচির আজুগড়া গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে নান্নু বিশ্বাসকে প্রধান আসামি করে ৭২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরো ৩০ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এ মামলার এজাহার নামীয় একজনসহ চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত বুধবার বিকালে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভোট গণনা শেষে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন আব্দুল জলিল (৩৮)। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নিহত আব্দুল জলিল আওয়ামী লীগ কর্মী বলে জানিয়েছেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।










