নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় সহপাঠীসহ চার যুবককে কুপিয়ে জখম করেছে বখাটেরা। গতকাল বেলা ২টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের হাট বোগ্রামের আবুলের ঢাল নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে দেবই কাজিরবাগ মাদ্রাসা কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষ করে মাদ্রাসাছাত্রীরা বাড়ি ফেরার পথে হাটাবো এলাকার অকিলরাজের ছেলে আব্দুল্লাহরাজ (২৩), মমতাজ উদ্দিন খানের ছেলে বাঁধন খান (২১), আকবর খানের ছেলে জোবায়ের খান (২২) ও জাহিদ খান (২৪) ছাত্রীদের অশ্লীল কথা বলে উত্ত্যক্ত করে। এ সময় তাদের সহপাঠী দেবই এলাকার তৌহিদসহ স্থানীয় পারভেজ, জাকির হোসেন, হাবিবুরসহ বেশ কয়েকজন বখাটেকে বাধা দিলে তারা চলে যায়।
গতকাল দুপুরে পারভেজ, জাকির হোসেন ও হাবিবুর হাটাবো এলাকা দিয়ে নিজ বাড়ি দেবই ফেরার পথে ওঁৎ পেতে থাকা জোবায়ের খান, আব্দুল্লাহ রাজ, বাঁধন খান ও জাহিদ খানসহ ১০/১২ জন তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীর ওই তিনজনকে কুপিয়ে জখম করে। এ খবর পেয়ে তৌহিদ তাদের বাঁচাতে এগিয়ে গেলে তৌহিদকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তাদের ডাকচিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।










