সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি করার অভিযোগে জুফেন আহমদ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার ভার্তখলা যমুনা সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ সুরমা থানার বরইকান্দি (কাজীরখলা) এলাকার মৃত আজির মিয়ার ছেলে।
র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সোমেন মজুমদার জানান, অভিযোগ ছিল কাউন্টারে টিকিট সংকটের সুযোগ কাজে লাগিয়ে কালোবাজারিরা বেশ সক্রিয়। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন অবৈধভাবে ট্রেনের টিকিট জনসাধারণের কাছে দ্বিগুণ অথবা তারও বেশি মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। অনলাইনে ভিন্ন ভিন্ন পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকিট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব গোয়েন্দা তত্পরতা জোরদার করে। এরপর দক্ষিণ সুরমার ভার্তখলা যমুনা সুপার মার্কেটে অভিযান চালিয়ে
টিকিট কালোবাজারি জুফেন আহমদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুফেনের কাছ থেকে ট্রেনের অনলাইন টিকিট দুটি, অনলাইন আবেদন কপি ৩০টি, কম্পিউটারের সিপিইউ একটি, মনিটর একটি, প্রিন্টার একটি, মোবাইল একটি ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। জুফেন আহমদকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।










