ঝিনাইদহে পুলিশ পরিচয়ে প্রতারণার মামলায় দুই যুবককে গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ১ ডিসেম্বর রায়গ্রাম ইউনিয়নের ইউপি সদস্য রবিউল ইসলাম বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন।
গতকাল দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, জাহিদ ও উজ্জ্বল ঝিনাইদহের কালীগঞ্জ ও যশোরের কেশবপুরসহ বিভিন্ন এলাকার ইউপি মেম্বার-চেয়ারম্যানদের কাছে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিল। তাদের প্রতারণার বিষয়টি ছিল ভিন্ন। স্মার্টভাবে কথাবার্তা বলে তারা সহজেই ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বশ করতে পারত। এভাবে তারা কালীগঞ্জের ২০ ব্যক্তির কাছে পুলিশ পরিচয়ে ফোন করে সাতজনের কাছ থেকে টাকা আদায়ে সফল হয়। এছাড়া ঝিনাইদহ ও যশোরের কেশবপুর এলাকার মেম্বার-চেয়ারম্যানদের কাছেও ফোন করে একইভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। এর ভিত্তিতে শনিবার রাতে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া ও পিএসআই আশিকুল ফোর্স নিয়ে যশোরের অভয়নগর উপজেলার আলমডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জাহিদ ও উজ্জ্বল নামের দুই যুবককে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক নগদ ৬২ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহূত কয়েকটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়।










