দেশেরই কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে এখানে আমাদের দেশেরই কিছু মানুষ এই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। জানি, সে চেষ্টা সফল হবে না। বিশ্বাস করি, আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো।

এবি পার্টির ভূমিকা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, পাঁচ মাস পর অনেকেই জিজ্ঞেস করছেন, আমাদের অর্জন কী? অর্জন হচ্ছে, আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে, নির্ভয়ে কথা বলতে পারছি, এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি। এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে।

এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে তিন বছরের জন্য পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।