পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন,
চীন বাংলাদেশে পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণে সহায়তা বৃদ্ধি করবে। তারা বন্যার সময়
পানি সম্পর্কিত তথ্য ভাগাভাগির প্রতিশ্রুতি দিয়েছে। চীন দুই দেশের মধ্যে প্রযুক্তিগত
সহযোগিতা ও প্রশিক্ষণ বাড়ানোরও প্রস্তাব দিয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পরিবেশ উপদেষ্টা
সৈয়দা রিজওয়ানা হাসানের মধ্যে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের
মধ্যে পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, পানি ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে
যৌথ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে নদী ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ
ও অবকাঠামো প্রকল্পে একসঙ্গে কাজ করা যাবে। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন
মোকাবেলায় চীনের মতো বন্ধু রাষ্ট্রের সহযোগিতা জরুরি।
চীনের রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং এ সম্পর্ক
আরো শক্তিশালী হবে। তিনি নদী দূষণ নিয়ন্ত্রণ, সৌর শক্তি, বৈদ্যুতিক যানবাহন, বন্যা
নিয়ন্ত্রণ ও স্মার্ট পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ
প্রকাশ করেন।
বৈঠকে পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বাংলাদেশ পানি উন্নয়ন
বোর্ডের মহাপরিচালক এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকটি উভয় দেশের মধ্যে ভবিষ্যতে সহযোগিতা বৃদ্ধির আশা নিয়ে শেষ
হয়।










