সংসদে ঘোষিত আগামী অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জিডিপির এ লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, করোনার সময়েও দেশের প্রবৃদ্ধির হার সাফল্যজনক ছিল। সাংবাদিকরা অনেক সমালোচনা করেছিলেন, অর্থনৈতিক অবস্থা নিয়ে হা-হুতাশ করেছিলেন। তবু আমরা চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আগামী অর্থবছরেও অর্জন করতে পারব।

গতকাল সিলেট সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের দারিদ্র্যের হার এখন ২০ শতাংশে নেমে এসেছে এবং অতিদারিদ্র্যের হার ১০ শতাংশ। আগামী কয়েক বছরের মধ্যে এ হার আরো নেমে আসবে। বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশের মানুষের অর্থনৈতিক কল্যাণের পাশাপাশি বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশ।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।