ঢাকার আশুলিয়ায় শ্রমিকদের দাবির মুখে সৃষ্ট অস্থির পরিস্থিতিতে অন্তত ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরো ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।
জানা যায়, দুই সপ্তাহ ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে শ্রম আইন অনুযায়ী ২২টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা বন্ধ থাকাকালীন শ্রমিকরা কোনো বেতন পাবেন না।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাইপাইল থেকে জিরাবো, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বিশমাইল জিরাবো সড়কসহ আশেপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনন্ত, মেডলার, শারমিন গ্রুপ, ডেকো, মন্ডল নিটওয়্যার লিমিটেড, ম্যাংগো টেক্স, এনভয়, স্টাইলিং গ্রুপ, ক্রস ওয়ার ইন্ডাস্ট্রিজ, ডেবনিয়ারসহ আরো বেশকিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করা ৮টি কারখানার মধ্যে রয়েছে নিউএইজ, নাসা সুপার কমপ্লান্স, আল মুসলিম, নাসা এ জে সুপার ও নাসা বেসিক কমপ্লেক্স।
শ্রমিকরা বলেন, সকালে কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চ করার পর তারা বাড়ি ফিরে যান। কারখানার নোটিশ দেখে অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন। আবার কেউ কেউ পরিস্থিতি দেখতে আশপাশে অবস্থান করছেন।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, মালিকপক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা করলেও এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তাই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, জেলা পুলিশ ও শিল্প পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ২২টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যৌথবাহিনী।










