তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতি বাংলাদেশের উন্নয়নে বড় প্রতিবন্ধকতা। যেকোনো বিষয়ে বিএনপি নেতিবাচক প্রচারণা চালায়। তাদের এ নেতিবাচক রাজনীতি না করলে দেশ বহুদূর এগিয়ে যেতে পারত। ১৩ বছরে দেশ যতটা এগিয়েছে তার চাইতেও বহুদূর যেতে পারত।
গতকাল বিকালে সোনারগাঁ উপজেলার ধন্দিবাজার চরকামালদি এলাকায় ‘আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ’-এর নারায়ণগঞ্জ ইউনিট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আস্থা ফিডের চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, প্রিমিয়ার ব্যাংকের এমডি ও সিইও রিয়াজুল করিম, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া, আস্থা ফিডের ব্যবস্থাপনা সম্পাদক গিয়াস উদ্দিন, সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, আস্থা ফিডের পরিচালক সালাউদ্দিন, সাইফুল ইসলাম বাবু, স্যামসাং গ্রুপের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দাইলান দুয়ান, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার আব্দুল বাতেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর গণমুখী নীতির কারণে বাংলাদেশ বিশ্বে মাছ, ফসল উৎপাদনে সফলতা অর্জন করেছে। মানব উন্নয়ন, অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য সূচকে বহু আগেই বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। কোনো কোনো সূচকে ভারতের চাইতেও এগিয়ে গেছে। কিন্তু বিএনপি ও তার দোসরদের এসব উন্নয়ন চোখে পড়ে না। তারা ফ্লাই ওভারে যানজটমুক্তভাবে দ্রুত গতিতে চলে যায়। কিন্তু পদ্মা সেতুতেও তারা চড়বে, কিন্তু তখন কী বলবে সেটি শোনার অপেক্ষায় আছি।
এদিকে গতকাল সকালে মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ‘গণমাধ্যমকর্মী আইন নিয়ে টিআইবির বিবৃতি কেন’—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন সাংবাদিক, গণমাধ্যমকর্মীদের জন্য। এটা দুর্নীতির কোনো বিষয় নয়। আর আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে গেছে, সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এটি পরিবর্ধন-পরিমার্জন করা হবে। তাদের সঙ্গে এ নিয়ে আমার আলোচনাও হয়েছে। টিআইবি আগ বাড়িয়ে বিবৃতি দিয়ে বিষয়টিকে রাজনৈতিক করার চেষ্টা করছে—এর মধ্যে দুরভিসন্ধি আছে। নিজেদের কর্মপরিধির বাইরে গিয়ে সব বিষয়ে কথা বলা টিআইবির একটি অভ্যাসে পরিণত হয়েছে।










