নাটোরের সিংড়া থেকে সাতটি নকল মূর্তি ও ৪৭০টি কয়েনসহ নকল মূর্তি ক্রয়-বিক্রয় প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিংড়ার পিপুলসন গুচ্ছ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নাটোর জেলার সিংড়া থানার পিপুলসন গ্রামের মৃত রোস্তম সরকারের ছেলে মো. শাহীন আলী (৩৩), মো. জোরাব আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম (২৬) ও মান্নান সরকারের স্ত্রী মোছা. সুফিয়া বেগম (৫২)।
র্যাব জানিয়েছে, র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির সিরাজগঞ্জ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ৭টি সোনালী রঙয়ের নকল মূর্তি, এক টাকা মূল্যের সোনালি রঙয়ের ৪৭০টি কয়েন ছাড়াও স্বাক্ষরকৃত স্ট্যাম্প, ৩টি চাকু, ১টি চাপাতি এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই সংঘবদ্ধ প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে ব্রোঞ্জের মূর্তিকে স্বর্ণের মূর্তি বলে প্রলুদ্ধ করতো। তারা ব্রোঞ্জের মূর্তির নিদিষ্ট অংশে সামান্য স্বর্ণের প্রলেপ দিয়ে সেই অংশ ভেঙে প্রতারিত ব্যাক্তিকে তা পরীক্ষা করার জন্য দিত। এ পর্যায়ে প্রতারিত ব্যক্তি সম্পূর্ণভাবে প্রতারকের ফাঁদে পা দিত এবং প্রতারিত ব্যক্তি মোটা অংকের টাকা নিয়ে যখন প্রতারকের বাসায় স্বর্ণের মূর্তি কিনতে যেতো তখন প্রতারকরা প্রতারিত ব্যক্তিকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাখতো এবং টাকা আত্মসাৎ করে ছেড়ে দিতো।
তিনি আরো জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মামলা দায়ে করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।










