মানিকগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী একরামুল হক রবিনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় দেন। আসামি একরামুল হক রবিন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষে আইনজীবী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি একেএম নুরুল হুদা রুবেল জানান, ২০০৭ সালে চাঁদপুরের মতলব উপজেলায় আশ্বিনপুর গ্রামে মনিরুল ইসলামের মেয়ে মিতুর (২৪) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর যৌতুক দাবি করে একরামুল হক। ওই সময় ১ লাখ ১০ হাজার টাকা রবিনকে দেয় মিতুর পরিবার। পরে আরো সাড়ে চার লাখ টাকা দাবি করেন রবিন। টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে মিতুকে নির্যাতন করে হত্যার পর পালিয়ে যান। পরদিন এ ঘটনায় সাটুরিয়া থানায় মিতুর মামা ইকবাল হোসেন বাদী হয়ে একরামুল হক রবিন ও শ্বশুর রফিকুল ইসলামকে আসামি করে মামলা করেন। ২০০৯ সালে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত একরামুল হক রবিনের মুত্যুদণ্ড এবং তার বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন।









