ঝিনাইদহে আসন্ন ইউপি নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল সকালে জেলার হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

হরিণাকুণ্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা জানান, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে রঘুনাথপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শ্রীফলতলা গ্রামে সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল সকালে গ্রামের একটি চায়ের দোকানে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদুলের সমর্থক জমির লস্করকে মারধর করেন রেজাউলের সমর্থক আজিজ উদ্দিন। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।