নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রাজমণি পিরামিড দাসনোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে
অপহূত মুদি ব্যবসায়ী আল-আমিনকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় অপহরণের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন—মো. আবির হাসান (১৯),
মো. অপু মোল্লা
(২২), রাফিউল ইসলাম দিপ্ত (১৯) ও মো.
রাহাত হাসান
মেহেদী (১৯)।
সোমবার বিকালে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও অপহূতকে
উদ্ধার করা হয়। গতকাল দুপুরে র্যাব-১১-এর মিডিয়া অফিসার এএসপি
মো. রিজওয়ান সাঈদ জিকু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,
অপহূত আল-আমিন একজন মুদি দোকানি। তিনি ঘটনাস্থলে নিজের পৈত্রিক জমি
দেখতে গেলে গ্রেফতারকৃত আসামিসহ আরো আট-নয়জন হাতে থাকা দেশীয়
অস্ত্রসহ অতর্কিত হামলা করে তাকে মারধর করে। এ সময় মুদি ব্যবসায়ীর কাছে থাকা নগদ
২১ হাজার ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এরপর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১ লাখ
টাকা মুক্তিপণ আদায়ও করে। পরে মুক্তিপণের বাকি ৯ লাখ টাকা আদায়ের জন্য ব্যবসায়ীকে
অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশে রওনা হয়। সে সময় সোনারগাঁ থানার
রাজমণি পিরামিড দাসনোয়াগাঁও এলাকায় র্যাব-১১-এর টহল দলের দৃষ্টিগোচর
হলে তাত্ক্ষণিক অপহরণকারী চক্রের মূলহোতাসহ চার আসামিকে গ্রেফতার করে। এ সময় অন্য
সহযোগীরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে চারটি ছোরা উদ্ধার করা হয়। পলাতক আসামিদের
গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অপহূত মুদি
ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।









