সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন জুয়েলারি শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সড়কের সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্প নগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, তালা উপজেলার সুজনসাহা গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে তাপস মল্লিক (২০) ও খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের সূর্য্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (১৮) ও একই উপজেলার বাঁকা গ্রামের উত্তম সেনের সুব্রত সেন (২২)। নিহত সকলেই সাতক্ষীরা শহরের খান মার্কেটের জুয়েলারি কারখানার শ্রমিক।

পুলিশ জানায়, তাপস, মিলন ও সুব্রত রাতে একটি মোটরসাইকেল যোগে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকার বিসিক শিল্প নগরীর সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তাপস ও মিলন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সুব্রত। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরই খবর পুলিশ দ্রুত সেখানে পৌছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘাতক ট্রাক বা ড্রাইভারকে আটক করা যায়নি। এছাড়া খুলনাতে যিনি মারা গেছেন, তার মরদেহ পরে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।