দেশের পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার কার্যকর করা ও পাচার হওয়া সম্পদ ফেরত আনার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চান তিনি।

২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনুস বলেন, দায়িত্ব নেয়ার পর তার সরকার অর্থনীতি ও আর্থিক খাত পুনর্গঠন,  বিচার বিভাগ ও পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের পদক্ষেপ নিয়েছে।

ছাত্র-জনতার বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি আমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সময় এবং আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

ড. ইউনুস অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলোর একটি রূপরেখা প্রদান করেন। তিনি জানান, তার সরকার শাসনে আসার পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে।

তিনি বলেন, তার সরকার স্বৈরাচার শেখ হাসিনার আমলে পাচার করা সম্পদ ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার-সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন দলটি ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। ওয়াশিংটন তার সংস্কার এজেন্ডাকে সমর্থন দিতে প্রস্তুত থাকবে বলেও জানান তারা।

মার্কিন কর্মকর্তারা বলেন, সংস্কার কার্যক্রমে তারা ইউনুস সরকারকে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করতে আগ্রহী।

মার্কিন প্রতিনিধিদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চসহ আরে অনেকে।