আগামী ২০২৭ সালের মধ্যে দেশের বিদ্যুৎ খাত মুখ খুবড়ে পড়ার আশঙ্কা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি মনে করে, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ উন্নয়ন সাসটেইনেবল (টেকসই) নয়, যেকোনো সময় তা মুখ থুবড়ে পড়বে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
গত ১৫ বছরে বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন তুলে ধরা হয় এ সংবাদ সম্মেলনে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে ব্যবসার খাত এবং লুটপাট করার মেশিন বানিয়েছিল বলে জানান টুকু। তিনি দাবি করেন, আওয়ামী সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ খাত থেকে পাঁচশ মিলিয়ন ডলার আর ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা লুটপাট করেছে।
টুকু বলেন, ক্যাপাসিটি চার্জের নামে লাখ কোটি টাকা লুটপাট করে পাচার করেছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠরা। যার পেছনে সামিটসহ পাঁচটি কোম্পানি জড়িত বলেও অভিযোগ তোলেন তিনি। সরকারকে দ্রুত এসব চুক্তি প্রকাশ করতে হবে বলেও দাবি করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে বিগত সরকার। ডিস্ট্রিবিউশন নামে নিজেদের নামে কোম্পানি বানিয়ে লুট করেছে।










