নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় অবশেষে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল সোমবার প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনের চিঠি পৌরসভা কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায়। সোনারগাঁ পৌরসভার সচিব শামসুল আলম বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন। ওইদিন বিকেলেই নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উপস্থিতিতে পৌর প্রশাসক তৌহিদ এলাহীর কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন মেয়র সাদেকুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারায়ণগঞ্জের ‘খ’ শ্রেণির সোনারগাঁ পৌর পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় উক্ত পরিষদ বিলুপ্ত ঘোষণা করে ওই পৌরসভায় প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেয়া হলো।

জানা গেছে, পৌর এলাকার ছোট শিলমান্দি ও মল্লিকেরপাড়া মৌজার কিছু সম্পত্তি পাশ্ববর্তী মোগরাপাড়া ইউনিয়নের অন্তর্ভূক্ত হওয়ার কারণে আইনি জটিলতার সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় নির্ধারিত সময়ে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্ধারিত সময়ের ১৫ মাস পর সরকার সোনারগাঁও পৌরসভায় প্রশাসক নিয়োগ দিয়েছে।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি বর্তমান মেয়র সাদেকুর রহমান ও ৯টি সাধারণ ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরদের ৫ বছরের  মেয়াদ শেষ হয়েছিল। সোনারগাঁও পৌরসভার সচিব শামসুল আলম জানান, পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনের চিঠি পেয়েছি। সোমবার বিকেলে পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে সরকারের নিয়োগকৃত প্রশাসক ইউএনও মহোদয়ের কাছে পৌরসভার মেয়র সাদেকুর রহমান দায়িত্ব হস্তান্তর করেছেন।