দুর্গা উৎসব উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত নয়দিনে ভারতে রফতানি হয়েছে ৬০০ টন ইলিশ। নতুন করে দুই দফায় আরো ১০টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে ভারতে ইলিশ রফতানি হবে মোট ২ হাজার ৯৫০ টন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে রফতানির এ আদেশ কার্যকর থাকবে।

বেনাপোল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা মাহবুুবুর রহমান জানান, দুই দফায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ৫৯টি প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৯৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছে। ৫-১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রফতানি হয়েছে ৬০০ টন। এর মধ্যে একদিন সরকারি ছুটি ছিল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইলিশ রফতানির আদেশ কার্যকর থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বেশির ভাগ ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে রফতানি হবে।

ইলিশ মাছ রফতানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দা আচার্জী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় প্রথম দফায় ৪৯টি ও পরে আরো ১০টি প্রতিষ্ঠানকে ইলিশ রফতানির অনুমতি দেয়। এবার ভারতে ২ হাজার ৯৫০ টন ইলিশ রফতানি হবে। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে ১০ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৯৪৮ টাকা (ডলারের বিনিময় হার ৯৪ দশমিক ৮০ টাকা হিসাবে)। ভারত ও বাংলাদেশ—দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করানো হচ্ছে।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, এসব ইলিশ দ্রুত রফতানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

এ-সংক্রান্ত আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রফতানির বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ ভারতে রফতানির অনুমতি দেয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছে। এ অনুমতির মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনোরূপ বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে।

ইলিশ রফতানির শর্তগুলোর মধ্যে রয়েছে সরকারের রফতানি নীতি ২০২১-২৪-এর বিধিবিধান অনুসরণ করতে হবে; শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রফতানি পণ্যের পরীক্ষা করাতে হবে; প্রতিটি কনসাইনমেন্ট শেষে রফতানি-সংক্রান্ত কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করতে হবে; অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না; সরকার প্রয়োজনে যেকোনো সময় ইলিশ রফতানি বন্ধ করতে পারবে। এছাড়া এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রফতানিকারক ব্যতীত সাব-কন্ট্রাক্টে রফতানি করা যাবে না।