গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৃষ্টিতে কোথাও কোথাও শিলার স্তূপ জমে সাদা হয়ে যায়। 

ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ফজলুপুর, ফুলছড়িসহ কিছু এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এছাড়া জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকায় শুধু বৃষ্টির খবর পাওয়া গেছে।

ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি এলাকার তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মনোয়ার হোসেন বলেন, হঠাৎ শিলাবৃষ্টিতে গম, আলু ও সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে সদ্য গুটি আসা আম ও লিচুরও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়বৃষ্টিতে জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা ভেঙে ও উপড়ে যায়। 

ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া বলেন, ‘শিলাবৃষ্টিতে ভুট্টা ও সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে।’