মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা নারীসহ নৌকায় চেপে বাংলাদেশে ঢুকেছে পাঁচজন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছায়।  

শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা মো. মাসুদ মির্জা বলেন, বিকেলে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছায়। নৌকায় মাঝিসহ পাঁচজন লোক ছিল। এদের মধ্যে একজন নারী গুলিবিদ্ধ। শুনেছি তারা চিকিৎসার উদ্দেশ্যে এখানে এসেছেন।

শাহপরীর দ্বীপ জেটিতে মাছ ধরতে যাওয়া স্থানীয় যুবক রুবেল বলেন, আমরা জেটিতে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। এমন সময় একটি নৌকা জেটিতে পৌঁছায় সেখানে একজন লোককে শুইয়ে রাখা হয়েছে। পরে বিজিবি সেখানে পৌঁছে নৌকাটিকে ঘিরে রাখে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কারো বক্তব্য পাওয়া যায়নি।