জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সদস্যপদ ফরম জমা দিয়ে তিনি দলের প্রাথমিক সদস্য হন।

এ সময় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর নিজের এক ফেসবুক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন মীর আরশাদুল হক। পরে গণমাধ্যমকে তিনি জানান, ‘এনসিপি তার রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে সরে আসায় যে প্রত্যাশা নিয়ে তিনি দলটিতে যোগ দিয়েছিলেন, তা পূরণ হয়নি। তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে এনসিপির জোটে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই। আমরা চেয়েছিলাম এনসিপি একটি স্বাধীন রাজনৈতিক পথে চলুক। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ছিল। দলীয় নেতৃত্ব তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর আরশাদুল হক পদত্যাগের আগে এনসিপির চট্টগ্রাম মহানগর ইউনিটের প্রধান সমন্বয়ক ছিলেন। পাশাপাশি তিনি দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ও পরিবেশ সেলের প্রধানসহ একাধিক দায়িত্ব পালন করেছেন।