কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বিজিবি। গতকাল বিকাল সাড়ে ৫টায় টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে। দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল বিকালে ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে। ফেরত আনা জেলেদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে মার্চে বিভিন্ন সময়ে মাছ শিকারে গিয়ে আটক হয়েছিলেন ফেরত আসা জেলেরা। তাদের কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছেন।

ফেরত আসা জেলে আব্দুল আজিজ বলেন, ‘মিয়ানমারের আরকান আর্মি বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ বাড়াতে আমাদের ধরে নিয়ে যায়। জেলেদের ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চায় মিয়ানমারের এ বিদ্রোহী গোষ্ঠী।’

ফেরত আসা জেলে আব্দুল্লাহ বলেন, ‘১০ দিন পর নিজ দেশে ফিরতে পেরে ভালো লাগছে। মূলত নৌকা নিয়ে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে। বাকিদেরও ফেরত আনার প্রচেষ্টা চলছে।’