নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকায় একটি তিনতলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জিসান (৯) ও রাজ্জাক (৩২)। এছাড়া আহতরা হলেন শাকিব (১০) ও সাঈদা (৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত কবরেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লার রামারবাগ এলাকার মৃত হাসান খানের মালিকানাধীন তিনতলা বাড়িতে ভাড়া থাকতেন রাজ্জাক। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। গতকাল কাজে না গিয়ে বাসায় অবস্থান করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে সেফটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এতে সিজান, রাজ্জাকসহ চারজন গুরুতর আহত হন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপু জানান, বিস্ফোরণে দগ্ধ হয়ে চারজন চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে একটি শিশু (জিসান) পথেই মারা গেছে। আরেক ব্যক্তি (রাজ্জাক বয়স ৩২) জীবিতই আনা হয়েছিল, কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।