কক্সবাজার শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন ইমন হাসান মওলা নামে এক ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত ইমন উত্তর টেকপাড়ার ব্যবসায়ী মোহাম্মদ হাছানের ছেলে। তিনি কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে পেশকারপাড়ার বাঁকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে ইমন তার বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার গতিরোধ করে পেশকারপাড়ার আবদুল্লাহ খান, ছৈয়দ আকবর, রমজান, ইমন, সানি ও ফরহাদসহ সাত-আটজন। এ সময় তারা ইমনকে ছুরিকাঘাতে জখম করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।