নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন কুংতন অ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) নামে একটি রফতানিমুখী কারখানার সাড়ে ছয় হাজার শ্রমিক। গতকাল ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে অবস্থানের একপর্যায়ে দুপুর ১২টার দিকে বেপজার পুলিশ শ্রমিকদের এলোপাতাড়িভাবে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে দুজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাংরোড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বেলা ২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশ (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) ও র্যাব-১১-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার আইনুল হক এবং সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের ব্যাপারে শ্রমিকদের আশ্বাস দেন। এরই পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে দেন।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটির মালিকপক্ষ লেঅফ (বন্ধ) ঘোষণা করে। শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এসে বন্ধ ঘোষণার নোটিস দেখে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ, র্যাব ও শিল্প পুলিশের কর্মকর্তারা যৌথভাবে মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে রাজি করান। এ আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।