নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। গতকাল দুপুরে নিহত রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় আটক আল-জুবায়েরকে আসামি করে হত্যা মামলাটি করেন। এদিকে আদালত আসামি জুবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর সাইদুজ্জামান।
আসামি জুবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুর মহসিন তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান।
মঙ্গলবার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডালপট্টি এলাকায় মাতৃ ভবনের ছয়তলার ফ্ল্যাটের ভাড়াটিয়া রুমা চক্রবর্তী ও সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তীকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে জুবায়ের নামের এক যুবক। জুবায়ের নগরীর পাইকপাড়া এলাকার ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।










