করোনা মহামারী মোকাবেলায় এবং নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের গৃহীত পদক্ষেপ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। আশা করি, আগামী জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আনতে পারবো। কোনো কারণে দেরি হলেও, ফেব্রুয়ারির মাঝামাঝি অবশ্যই ভ্যাকসিন আনতে পারবো। এ ব্যাপারে আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে।

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে। ৩৮ মেডিকেল কলেজ স্থাপনার অনুমোদন দেয়া হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌছে দিতে কাজ করছে সরকার।

করোনাকালেও বাংলাদেশের অর্থনীতির অসাধারণ পুনরুদ্ধার প্রবণতার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, করোনার কারণে অনেক বড় বড় দেশে স্থবিরতা দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশে সবকিছু ঠিকঠাক মতো চলছে। আমেরিকা অর্থনীতিতে ১৫ ভাগ এবং ভারত সাত ভাগ পিছিয়েছে। কিন্তু বাংলাদেশে উন্নয়নের চাকা ঘুরছে বলেই আমরা পাঁচ ভাগ এগিয়েছি। 

কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য  অধিদপ্তরের মহপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. এএইচএম এনায়েত হোসেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. রমজান আলী প্রমুখ।