আবাসিক হল সংস্কারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবন ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা হল থেকে বই ও তোশক বের করে নিয়ে এসে একাডেমিক ভবনে বিক্ষোভ স্থলে অবস্থান নেন। পরে বেলা ২টার দিকে কলেজ কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থী আব্দুল আল হাসান বলেন, কলেজের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা মানবেতরভাবে বাস করছেন। ১০-১৫ বছর ধরে হলগুলোর সংস্কার করা হচ্ছে না। বৃষ্টি হলে ছাদ থেকে পানি চুইয়ে পড়ায় ঘুমাতে পারেন না শিক্ষার্থীরা। শৌচাগারগুলোর বেহাল দশা। ভাঙাচোরার পাশাপাশি প্রায়ই পানি থাকে না শৌচাগারে। এসব বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কেউ তেমন গুরুত্ব দেন না। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছেন।
অন্যদিকে কলেজের তৃতীয় বর্ষের ছাত্র নাইমুর রহমান বলেন, ছাত্র ও ছাত্রীদের হলে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। রাতে বহিরাগতরা হলের অভ্যন্তরে ঢোকে। হলে একাধিকবার চুরির ঘটনাও ঘটেছে।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, যারা বিক্ষোভে অংশ নিয়েছেন, তারা সবাই সাধারণ শিক্ষার্থী। তাদের সঙ্গে নৈতিক সমর্থন রয়েছে। তবে সংগঠন এতে অংশ নিচ্ছে না।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, যে হলের কথা বলা হচ্ছে, সেটি প্রায় শত বছরের পুরনো। তাই যেগুলো জরুরি সেগুলো সংস্কারের চেষ্টা করা হবে। তিনি বলেন, তাদের বিভিন্ন দাবি রয়েছে। যেগুলো সম্ভব সেগুলো সমাধানের আশ্বাস দেয়া হয়েছে।










