গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান। জাতি তাদের সারাজীবন মনে রাখবে। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে ষড়যন্ত্র থেমে থাকবে না। ষড়যন্ত্র চলমান। দেশের তরুণ ও আপামর জনগন সেই ফ্যাসিবাদকে প্রতিহত করবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৬ সেপ্টেম্বর) নাটোরে ছাত্র-জনতার গণ-অভুত্থানে নিহতদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন গণপূর্ত উপদেষ্টা। এ সময় নাটোরের জুলাই শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আদিলুর রহমান খান আরো বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তবে এখনো সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। বিচার ও সংস্কারের কাজ এখনো বাকী আছে। বিচারকে দৃশ্যমান করার চেষ্ঠা চলছে ও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়ে উঠছে।
সংস্কার কাজের সঙ্গে জাতীয় নির্বাচনেরও সকল প্রস্তুতি চলছে জানিয়ে গণপূর্ত উপদেষ্টা বলেন, আশা করছি গণঅভ্যুত্থানের এই সরকার বিচার ও সংস্কার এই দুটি এগিয়ে নিয়ে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন করবে। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিবে।
এসময় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই সনদ, জুলাই হত্যাকান্ডের দ্রুত বিচার ও জুলাই হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানান জুলাই শহিদ পরিবারের সদস্যরা।
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামিম আক্তার, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই শহিদ পরিবারের সদস্যরা।
স্মৃতিস্তম্ভ উদ্বোধনের আগে অতিথিরা জেলার পাঁচ শহিদের কবর জিয়ারত করেন।










