মৃত শিশুদের বয়স দুই থেকে ১০ বছরের মধ্যে। গতকাল দিনের বিভিন্ন সময়ে এ দুর্ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

সাতক্ষীরা: সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পাথরঘাটা নদীতীরে বসবাসকারী আশরাফুল ইসলামের চার বছরের শিশুপুত্র ফাহিম বাড়ির লোকজনের অজান্তে নদীতে পড়ে যায়। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বেতনা নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। একই গ্রামের শিশু শান্ত (১০) মাছের ঘেরে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘেরে জাল টেনে শান্তর মরদেহ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে হাফসা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ধান্যখোলা গ্রামের মাঝপাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, খেলতে গিয়ে একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। পরে পুকুরে হাফসার মরদেহ ভেসে ওঠে।

ঝিনাইদহ: কোটচাঁদপুর উপজেলার সুয়াদি গ্রামে পুকুরে ডুবে অরিন হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাবা আমজাদ হোসেন ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে যান। সেখানে অন্যান্য শিশুর সঙ্গে খেলার এক পর্যায়ে অরিন নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লা: ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা এলাকায় ডোবায় পড়ে মো. সাদ্দাম হোসেনের ছেলে মো. হাসান (২ বছর ৬ মাস) মারা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি ডোবায় পড়ে যায় হাসান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে ডোবার পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।